বরিশাল জার্নাল ডেস্ক
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে জাতিগত সঙ্ঘাত বন্ধ করতে না পারায় ভারতের কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়েছে বিরোধী দল কংগ্রেস। একই সাথে তারা পার্লামেন্টের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনিপুর সফরের দাবি জানিয়েছে।
ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, কংগ্রেস অনেকটা ব্যাঙ্গ করার সুরে বলেছে, মনিপুরের দুই ইঞ্জিনের সরকার পরিস্থিতি দমনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
নয়া দিল্লিতে সোমবার এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের এমপি ও দলটির যোগাযোগ বিষয়ক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, মনিপুরে সহিংসতা দমনের জন্য প্রধানমন্ত্রীর উচিত সবার আগে মনিপুরের সবগুলো দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করা। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় রাজ্যটির মুখ্যমন্ত্রী বিরেন সিংকেও পদত্যাগ করতে হবে।
এই কংগ্রেস নেতা বলেন, মোদি গত দেড় বছরে মনিপুরের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকও করেননি, রাজ্য সফরেও যাননি।
এদিকে, মনিপুরের পরিস্থিতি শামাল দিতে রাজ্যটিতে ৫ হাজার আধাসামরিক বাহিনী সিআরপিএফ সদস্য পাঠিয়েছে ভারত সরকার। তাদের সহিংসতা দমনে অলআউট অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই সদস্যরা বিভিন্ন এলাকায় সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর বিরুদ্ধে অভিযান চালাবে।
গত কয়েক দিনে মনিপুরে নতুন করে সঙ্ঘাত শুরু হয়েছে। পুলিশের গুলিতে বেশ কিছু বিদ্রোহী নিহত হওয়ার জের ধরে আরো কিছু হত্যাকা- ঘটেছে। মেইতেই সম্প্রদায়ের অন্তত ছয় জনের লাশ পাওয়া গেছে, যাদের অপহরণ করা হয়েছিল। রাজ্যটিতে বিক্ষুব্ধরা মুখ্যমন্ত্রীসহ এমএলএদের বাড়িতেও হামলা চালিয়েছে। বর্তমানে কারফিউ চলছে বেশ কিছু জেলায়। বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট।




