বরিশাল জার্নাল ডেস্ক
হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডসের যোদ্ধারা বুধবার গাজায় দখলদার সেনাদের ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এদিন উত্তর গাজার জাবালিয়ার পূর্ব দিকে একটি বিল্ডিংয়ে ব্যুবি ট্রাপের ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে বেশ কিছু সেনাকে। ইসরাইলি পদাতিক বাহিনীর একটি দল ওই ভবনে প্রবেশ করা মাত্র বিস্ফোরণে ভবনটি উড়িয়ে দেয়া হয়।
গণমাধ্যমগুলো বলছে, এ ধরণের হামলা গাজায় এখনো যথেষ্ট শক্তি নিয়ে হামাসের টিকে থাকার কথাই প্রমাণ করে।
বিস্ফোরণের পর সেখানে ইসরাইলি সেনাবাহিনীর উদ্ধারকারী দল এগিয়ে এলে আল কাসসাম যোদ্ধারা আরেকটি বিস্ফোরণ ঘটায়। যার ফলে উদ্ধারকারী দলের সদস্যরাও হতাহত হয়। একই দিন জাবালিয়ার আল কাসাসিব এলাকায় ইসরাইলি বাহিনীর একটি ডি-৯ মিলিটারি বুলডোজার লক্ষ্য করে হামলা চালায় যোদ্ধারা।
গাজা সিটির আল নওরাস রিসোর্ট এলাকায় ইসরাইলি সেনা অগ্রসর হওয়ার চেষ্টা করলে যোদ্ধারা তাদের ওপর মর্টার হামলা চালায়। শহরের উত্তর এলাকাতেও শত্রুসেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে।
আল কাসসাম ব্রিগেডস জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরে দখলদার সেনাদের একটি বুলডোজার লক্ষ্য করে আল ইয়াসিন-১০৫ রকেট হামলা চালানো হয়েছে।
ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা সেদরত, নির আমসহ গাজা উপত্যকার আশপাশের কয়েকটি ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এ সময় বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে এবং ইসরাইলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া সংগঠনটি আল কাসসামের সাথে যৌথ অ্যাম্বুশ অপারেশনে একটি মারকাভা ট্যাংকের ওপর হামলা চালিয়েছে। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের কাছে ওই হামলায় বিস্ফোরক, ট্যান্ডেম শেল ও আরপিজি এন্টি ট্যাংক শেল ব্যবহার করা হয়। জাবালিয়া ক্যাম্প এলাকাতেও সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে আল কুদস ফোর্স।




