বরিশাল জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পর আরোপিত শুল্কহার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নিশ্চিত করেছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। সেই হিসাবে ১৫ শতাংশ শুল্ক কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে।
হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।
গত এপ্রিলে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে তা তিন মাসের জন্য স্থগিত করা হয়। ওই সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন।
ওই মেয়াদ শেষে ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সাথে টানা তিন দিন আলোচনা করে। এরপরই নতুন শুল্ক নির্ধারিত হলো।
যুক্তরাষ্ট্রে বর্তমানে গড় শুল্কহার ১৫ শতাংশ। এবার নতুন ২০ শতাংশসহ মোট শুল্ক দাঁড়াল ৩৫ শতাংশে।
শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।




