চার মুসলিম এমপি পেল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পুনঃনির্বাচিত হয়েছেন আলোচিত দুই মুসলিম নারী এমপি রাশিদা তালিব ও ইলহান ওমর। দুজনে যথাক্রমে মিশিগান ও মিনেসোটার নিজ নিজ আসন থেকে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া এবার আরেক নারী মুসলিম এমপি পেয়েছে যুক্তরাষ্ট্র। তার নাম লতিফা সিমন। ক্যালিফোর্নিয়ার ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

এছাড়া ইন্ডিয়ানা অঙ্গরাষ্ট্রের ৭ম ডিস্ট্রিক্ট থেকে পুনঃনির্বাচিত হয়েছেন একমাত্র পুরুষ মুসলিম এমপি আন্দ্রে কারসন।

আন্দ্রে কারসন

রাশিদা তালিব ও ইলহান ওমরের জন্য এটি তৃতীয় মেয়াদে এমপি হিসেবে জয় পাওয়া। দুজনেই ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন। এরপর জয় পেয়েছেন ২০২০ সালের নির্বাচনেও।

রাশিদা ও ইলহান তাদের রাজনৈতিক অবস্থানের জন্য বেশ আলোচিত। বিশেষ করে মুসলিম নাগরিক অধিকার ও ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে তারা বেশ সরব। যে কারণে আগের মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের দ্বন্দ্ব ছিলো প্রকাশ্য। ট্রাম্প এমনকি তাদের নিজের দেশেও ফিরে যেতে বলেছেন। বছরখানেক আগে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ইলহান ওমরকে পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকেও বাদ দিয়েছে রিপাবলিকানরা।

লতিফা সিমন

রাশিদা ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, আর ইলহান ওমর আফ্রিকার দেশ সোমালিয়া থেকে ছোটবেলায় উদ্বাস্তু হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
তৃতীয় মুসলিম নারী হিসেবে এবার পার্লামেন্টে যাচ্ছেন লতিফা সিমন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাষ্ট্র থেকে নির্বাচিত এই এমপিও ডেমোক্র্যাট দলের সদস্য। ইউনিভার্সিটি অব সানফ্রান্সিসকো থেকে লোকপ্রশাসনে উচ্চতর ডিগ্রি নেয়া লতিফা এর আগে কাজ করেছেন সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে।

রাশিদা তালিব ও ইলহান ওমর

আন্দ্রে কারসন এর আগেও মার্কিন পার্লামেন্টে ছিলেন, তবে মুসলিম নাগরিক অধিকার নিয়ে তাকে কখনো খুব একটা কথা বলতে দেখা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top