টুডে নিউজ ডেস্ক
চলমান গাজা যুদ্ধে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২২ হাজার ৬০০ জনে উপনীত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২২ হাজার ৬০০ জনে উপনীত হয়েছে। এছাড়া ৫৭ হাজার ৯১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত সাত হাজার শিশু ও নারী রয়েছে।
এদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় ইসরাইলের বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয় শিশুও রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরাইলের হামলাটি গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে হয়েছিল
ইসরাইল হামলা সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি, তবে তারা খান ইউনিসে একটি বিমান হামলা চালানোর খবর দিয়েছে।
তারা বলেছে, ওই হামলায় বোমা স্থাপনের চেষ্টারত তিনজন নিহত হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী আরো জানিয়েছে, তাদের স্থলবাহিনীর হামলায় কাছাকাছি একটি ভবনে আরো দুজন নিহত হয়।
ইসরাইল বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন হামলার এবং লেবানন থেকে ইসরাইলের দিকে নতুন আন্তঃসীমান্ত রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে।
হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এক টিভি ভাষণে লেবাননে হামলার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করার এক দিন পর এ হামলা হলো।
ড্রোন হামলায় বৈরুতে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা নিহত হওয়ার পর নাসরাল্লাহ এই মন্তব্য করেন।
হামাস এবং ওই অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা সালেহ আল-আরৌরির হত্যার জন্য ইসরাইলের ড্রোন হামলাকে দায়ী করেছেন। তবে ইসরাইল সরাসরি এই দায় স্বীকার করেনি।
বুধবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেন, ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাস সদস্যরা যেখানেই থাকুক না কেন মোসাদ তা খুঁজে বের করবে।
সূত্র : আল জাজিরা




