বরিশাল জার্নাল ডেস্ক
এবার নিজের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের কর্মীদের মাধ্যমে ’ডু অর ডাই কর্মসূচি’ ঘোষণা করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর দলীয় এক বৈঠকে জানিয়েছেন এই কথা।
দ্য ডনের খবরে বলা হয়, শনিবার পেশোয়ার-ইসলামাবাদ হাইওয়ের পাশে এক সমাবেশে গান্দাপুর বলেন, চলতি মাসেই ইমরান খান নতুন কর্মসূচি ঘোষণা করবেন। যেটি হবে তার মুক্তির জন্য চূড়ান্ত কর্মসূচি। ইমরান খানের মুক্তি ছাড়া পিটিআই কর্মীরা ঘরে ফিরে যাবে না।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পিটিআই নেতারা যোগ দিয়েছিলেন ওই বৈঠকে। সেখানে কর্মীদের নতুন কর্মসূচির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আলী আমিন গান্দারপুর বলেন, আমি ইমরান খানের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই। আমাদের নেতা আমাকে বলেছেন, তার মুক্তির জন্য নভেম্বর মাসেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
গান্দারপুর আরো বলেন, ইমরান খানের আহ্বানের পর নেতাকর্মীরা দেশব্যাপী আন্দোলন শুরু করবেন। এই আন্দোলন শেষ হবে শুধুমাত্র তার মুক্তির পর। আন্দোলনের উদ্দেশ্য অর্জিত না হওয়া পর্যন্ত কর্মীরা ঘরে ফির যাবে না।
এদিন গান্দারপুরসহ অন্য দলীয় নেতারা ইমরান খানের মুক্তি ছাড়া ঘরে ফিরে না যাওয়ার শপথ গ্রহণ করেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, নেতাকর্মীদের তার পরিবারকে বলা উচিত যে তাদের কর্মসুচি হবে দীর্ঘ এবং নেতার মুক্তি ছাড়া তারা ঘরে ফিরবেন না।
২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তার বিরুদ্ধে একশোর বেশি মামলা দিয়েছে পাকিস্তান সরকার। গত নির্বাচনেও তার দলকে অংশ নিতে দেয়া হয়নি। এরপর স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছেন পিটিআই নেতারা। তবে তারা সরকার গঠন করতে পারেননি।




