আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এ নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।
আলজাজিরা জানিয়েছে, আরোপিত নতুন এই শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। ভারতীয় পণ্যের ওপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে; যা চীনের ওপর আরোপিত শুল্কের চেয়ে ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।
বুধবার সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে… আমার বিচারে মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা প্রয়োজন।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ মন্তব্যের কয়েক ঘণ্টার মাঝেই নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে, গত ৩০ জুলাই ভারতকে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি জরিমানা হিসেবে অতিরিক্তি আরও শুল্কও গুণতে হবে বলে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর জরিমানা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
এদিকে, ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ভারত। আরোপিত অতিরিক্ত শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।




