বরিশাল জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। তবে তার আগে দেশটির সব অঙ্গরাষ্ট্রে একদিন করে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। ভোটের দিন ভিড় কমানোর এবং ভোটারদের সুবিধা করে দেওয়ার জন্য আগাম ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা থাকে যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য বলছে, ছয় কোটিরও বেশি ভোটদাতা এবার আর্লি ভোটিংয়ের সুবিধা নিয়েছেন। এই তালিকায় আছেন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও।
পর্যবেক্ষকরা জানিয়েছেন, যারা আগাম ভোট দিয়েছেন, তার মধ্যে ৫৫ শতাংশ নারী ও ৪৫ শতাংশ পুরুষ।
ইলেকশন ল্যাবের দায়িত্বে থাকা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তিনি কলোরাডো, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া-সহ ছয়টি ল্যাবের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন ছয় কোটি ২০ লাখ ভোটদাতা প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যত মানুষ ভোট দিয়েছিলেন, তাদেও মধ্যে ৪০ শতাংশ এবার আগাম ভোট দিয়েছেন।
নর্থ ক্যারোলিনা, জর্জিয়া-সহ বিভিন্ন সুইং স্টেটে নথিভুক্ত ভোটদাতাদের মধ্যে ৪৫ শতাংশ আগাম ভোট দিয়েছেন।
বিভিন্ন জরিপের ফলাফল জানিয়েছে, এবার ট্রাম্প ও কমালা হ্যারিসের মধ্যে প্রবল লড়াই হচ্ছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, আগাম ভোট থেকে বোঝা যাচ্ছে, ভোটদাতারাও এই নির্বাচন নিয়ে, তাদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে কতটা উৎসাহী।
জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপার্জার সিএনএনকে বলেছেন, “দুই পক্ষের ভোটদাতারাই খুবই উৎসাহিত। এই প্রক্রিয়া যাতে সৎ, ন্যায্য ও ঠিক হয় আমরা তা নিশ্চিত করতে চেয়েছি।”
এদিকে, ডোনাল্ড ট্রাম্প নিজের আগাম জয় ঘোষণা করলে তা ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে ডেমোক্র্যাটরা। কমলা হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, ২০২০ সালের মতো ট্রাম্প কোনও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিস্তৃত পরিসরে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হবে।
এছাড়া এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা বলেছেন, ‘ট্রাম্প যদি গণমাধ্যম ব্যবহার করে মার্কিনিদের ভুলভাল বোঝানোর চেষ্টা করেন, তাহলে তা ঠেকাতে আমরা প্র্রস্তুত আছি।’
তবে তারা ঠিক কী পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন তা জানাননি এই প্রার্থী।




