চীন-রাশিয়া-ইরানের সামরিক মহড়া

 

বরিশাল জার্নাল ডেস্ক

ইরানের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে পারস্য উপসাগরে প্রবেশ করেছে চীন ও রাশিয়ার যুদ্ধ জাহাজ। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে তারা ইরানের নৌ বাহিনী ও বিপ্লবী গার্ডের নৌ শাখার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, মেরিন সিকিউরিটি বেল্ট ড্রিল নামের এই মহড়ার এবারের সপ্তম আসরে ইরানের পাশাপাশি অংশ নিচ্ছে রাশিয়া ও চীনের নৌ সেনারা। ভারত মহাসাগরের উত্তরাংশে এই মহড়া অনুষ্ঠিত হবে।

মহড়ায় পর্যবেক্ষক দেশ হিসেবে থাকবে আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। এই দেশগুলো মহড়ার বিভিন্ন বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবে। ইরনার খবরে বলা হয়েছে, পশ্চিমা বিশে^র বাইরের দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হচ্ছে এই মহড়ায়।

ইরানের নৌ বাহিনী এই মহড়া উপলক্ষে তাদের বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন করছে। যার মধ্যে আছে অন্তত তিনটি ডেস্ট্রয়ার ও চারটি ফ্রিগেড যুদ্ধজাহাজ। এছাড়া ইরানি বিপ্লবী গার্ডের নৌ শাখা তাদের তিনটি ফ্রিগেড নিয়ে মহড়ায় যোগ দিচ্ছে।

মঙ্গলবার ইরানের বন্দর নগরী চাবাহার থেকে মহড়াটি শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার এই মহড়ার লক্ষ্য। মহড়ায় থাকবে তল্লাশি ও উদ্ধার অভিযান, জলদস্যুতা বিরোধী অভিযান এবং আর্টিলারি অনুশীলন।
মহড়া উপলক্ষে একটি ডেস্ট্রয়ার ও একটি সাপ্লাই শিপ পাঠিয়েছে চীনের নৌ বাহিনী। অন্য দিকে রাশিয়ার নৌ বাহিনী মহড়ায় যোগ দিতে পাঠিয়েছে দুটি করভেট যুদ্ধ জাহাজ ও একটি ট্যাঙ্কার।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top