বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছে মীম ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। মীম ইসলাম কে.কে মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তিনি একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে।
পরিবারের বরাতে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় মীম। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে ফেল করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। দুপুরে বাড়ির নিজ ঘরে কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রথমে তাকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করে মীম।
স্থানীয়রা জানান, মীম শান্ত স্বভাবের, ভদ্র ও লেখাপড়ায় আগ্রহী একটি মেয়ে ছিল। তার অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




