কর্ণকাঠিতে জিও অ্যাভেঞ্জার্সের জলবায়ু সচেতনতামূলক ওয়ার্কশপ

 

ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি : বরিশালের কর্ণকাঠীর অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি ওয়ার্কশপ। মঙ্গলবার (২৭ মে) “Rebuilding Earth’s Future” শিরোনামে এই কর্মসূচির আয়োজন করে পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন জিও অ্যাভেঞ্জার্স।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব এবং করণীয় সম্পর্কে সচেতন করা হয়। জিও অ্যাভেঞ্জার্সের চিফ ডেভেলপমেন্ট অফিসার নীতুন পাল বলেন, পৃথিবীর ভবিষ্যৎ পুনর্গঠনে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংগঠনটির চিফ মোটভেশন অফিসার দিলারা ইসলাম অপি বলেন, জলবায়ু মানে শুধু বৃষ্টি আর রোদ না – এটা হলো পৃথিবীর মেজাজ। পৃথিবীও আমাদের মতো রাগ করে, কাঁদে, হাসে! তাই আমাদের পৃথিবীকে কষ্ট না দিয়ে তার মন ভালো রাখতে হবে যেন পৃথিবী আমাদের ভালো রাখতে পারে।

আরেক বক্তা মো. মিনহাজুর রহমান শিহাব তাঁর আলোচনায় গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলায় গাছ লাগানো, পুনর্ব্যবহার (রিসাইকেল) ও পুনরায় ব্যবহার (রিইউজ) এর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই ওয়ার্কশপটি ছিল প্রাণবন্ত, আকর্ষণীয় ও শিক্ষণীয়। এতে ছিল গেম, দলীয় কার্যক্রম ও মজাদার ইন্টার‌্যাকটিভ সেশন। শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষায় নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top