বরিশাল জার্নাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে গুলিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতের ওই ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
ওয়াশিংটন ডিসির তৃতীয় ও এফ স্ট্রিট এলাকায় একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল জাদুঘরের কাছেই অবস্থিত। এ এলাকায় এফবিআই ও মার্কিন অ্যাটর্নির অফিস রয়েছে।
ওয়াশিংটন পুলিশের প্রধান পামেলা স্মিথ বলেন, অনুষ্ঠান শুরুর আগে জাদুঘরের বাইরে এক ব্যক্তি হাঁটাহাঁটি করছিলেন। সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে পরে আটক করা হয়েছে। তাঁকে আটক করার পর তিনি ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন।
ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন বলেন, নিহত দুই কর্মীকে ‘খুব কাছ থেকে গুলি’ করা হয়েছে। তাঁরা দুজনই একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন।
ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকে হামলাকারী, ভুক্তভোগী কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম নিশ্চিত করেছেন, গুলিতে নিহত ব্যক্তিরা ইসরাইলি দূতাবাসের কর্মী। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, ‘আমরা সক্রিয়ভাবে ঘটনার তদন্ত করছি এবং শিগগিরই আরও তথ্য জানাব। আমরা হামলাকারীকে অবশ্যই বিচারের আওতায় আনব।’
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, তিনি ও তাঁর দলকে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। তাঁর দল তদন্তে সহায়তা করছে।
ক্যাশ প্যাটেল আরো বলেন, ‘আমরা ঘটনা সম্পর্কে জানতে ও ব্যবস্থা নিতে মেট্রোপলিটন পুলিশ বিভাগের সঙ্গে কাজ করছি। সবাইকে অনুরোধ করছি, দয়া করে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করুন।’
ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ বিভাগ এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনা সম্পর্কে জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।




