বরিশাল জার্নাল ডেস্ক :
জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে জয় লাভ করেছে ফ্রেডরিখ মেৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল দল। তবে তারা প্রত্যাশিত ৩০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি। ডানপন্থীদেরও উত্থান ঘটেছে এবারের ভোটে। সোমবার ভোর রাতেই ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে যায়। রাতেই শুরু হয় দলগুলোর বিজয় উদযাপন।
নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মেৎসের রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। চরম ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি রেকর্ড ২০ দশমিক ৮ শতাংশ ভোট পাওয়ার ফলে আনন্দ উদযাপন করছে। এছাড়া সামাজিক গণতান্ত্রিক দল ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে।
ভোটের ফলাফল পাওয়ার পর উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে মেৎসে বলেন, আজ রাতটা আমরা উদযাপন করব, আর আগামীকাল থেকেই কাজে লেগে যাব। তিনি আরও বলেন, আমি জানি, সামনে আমাদের বড় দায়িত্ব অপেক্ষা করছে।
তিনি আরো বলেছেন, জার্মানির দায়িত্ব নিয়ে ইউরোপকে আমেরিকার কাছ থেকে সত্যিকারের স্বাধীনতা এনে দেয়ার জন্যও কাজ করবেন।
এএফডি’র চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ভাইডেল সমর্থকদের সঙ্গে বিজয় মিছিল করেন। তবে তার দল আরও ভালো ফলাফল আশা করেছিল। তবে শেষ পর্যন্ত জোটই গঠন করতে হবে বলে জানাচ্ছেন রানীতিবিদরা। আর সেক্ষেত্রে সিডিইউ ও সিএসইউ, এসপিডি ও পরিবেশবাদী সবুজ দল শক্তিশালী জোট গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায়। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল।




