লন্ডনে টিউলিপের দুর্নীতির তদন্ত শুরু

বরিশাল জার্নাল ডেস্ক : শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে দেশটির একটি সংস্থা। সম্প্রতি গোপন সফরে সংস্থাটির কর্মকর্তারা বাংলাদেশে এসে তথ্য সংগ্রহ করেছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য যোগাড় করতে সমর্থ হয়েছেন। ডেইলি মেইল জানিয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারেন।

টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এ চুক্তি স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকও। বলা হচ্ছে, টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন।

বাংলাদেশের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, অভ্যন্তরীণ চুক্তির অধীনে ব্রিটিশ সংস্থাটিকে টিউলিপের বিরুদ্ধে তদন্তের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার ১০ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে।
বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ব্রিটিশ গোয়েন্দারাই বাংলাদেশকে এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন দুই দেশের কর্মকর্তাদের বৈঠক আয়োজন করে।

এর আগেও ব্রিটিশ তদন্ত কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন। সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে, সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top