বরিশাল জার্নাল ডেস্ক
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে মো. সাদিপ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে পরিবারের সদস্যদের আহাজারি দেখে নিজের গাড়িবহর নিয়ে দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে পৌঁছে দেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।
রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তিনি দ্রুত নিজের গাড়িতে তুলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও। হুইপ দুলু জানান, শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন তিনি। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।




