প্রকাশ্যে এলো ইরানের নতুন ড্রোন ক্যারিয়ার

বরিশাল জার্নাল ডেস্ক

নতুন একটি ড্রোন ক্যারিয়ার যুদ্ধজাহাজ তৈরি করেছে ইরান। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মাঝেই প্রকাশ্যে এলো জাহাজটি। শহিদ বাঘেরি নামের এই জাহাজটি দেখতে পুরোপুরি এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে সম্প্রতি ধরা পড়েছে জাহাজটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইরানের ‘বন্দর আব্বাসের’ কাছে নোঙর করা অবস্থায় জাহাজটিকে চিহ্নিত করা হয়েছে। একই স্থানে ইরানের আরো দুটি ড্রোন ক্যারিয়ার দেখা গেছে।

খবরে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজকে সংস্কার করে ড্রোন ক্যারিয়ার বানানো হয়েছে। এর ফলে ইরানের উন্নত ড্রোন বহর যুদ্ধক্ষেত্রের আরো কাছাকাছি পৌছে যেতে পারবো। ইরানের তৈরি ড্রোন সাম্প্রতিক সময়ে বিশ^রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া তেহরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ আছে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইরানের উন্নত ড্রোন ব্যবহার করছে।

মাক্সার টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের তোলা ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে শহিদ বাঘেরি নামের জাহাজটিতে একটি ছোট্ট রানওয়ে তৈরি করা হয়েছে। দেখতে এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো মনে হলেও রানওয়ের দৈর্ঘের কারণে জাহাজটি ড্রোন ক্যারিয়ার বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হেলিকপ্টার বহনের ক্ষমতাও রয়েছে এই জাহাজের।

নভেম্বরের শেষ সপ্তাহে জাহাজটিকে সাগরে নামানো হয়েছে। এখন সেটির পরীক্ষামূলক চলাচল শুরু হবে যে কোন সময়। শহিদ বাঘেরি ছাড়াও শহিদ রুদাকি ও শহিদ মাহদাবি নামের দুটি ড্রোন ক্যারিয়ারও তৈরি করেছে ইরান। আকাশ থেকে তোলা ছবিতে তিনটি জাহাজকে কাছাকাছি জায়গায় নোঙর করা অবস্থায় দেখা গেছে। তবে অন্য দুটি জাহাজের চেয়ে শহিদ বাঘেরি নামের জাহাজটিকে বেশ উন্নত বলে মনে হয়েছে গবেষকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top