বরিশাল জার্নাল ডেস্ক
কিয়েভের ‘সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলো’ লক্ষ্য করে রাশিয়ার তৈরি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের এক বিদ্যুৎ গ্রিডের ওপর মস্কোর দফায় দফায় হামলার পরে পুতিন এ হুমকি দিলেন। ওই হামলায় ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কিয়েভ থেকে এএফপি জানায়, রাশিয়া ৯০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১০০টি ড্রোন নিক্ষেপ করেছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে তার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে তিনি এই নতুন হামলা চালিয়েছেন।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রাক্কালে প্রায় তিন বছরব্যপী চলমান এ যুদ্ধের তীব্রতা সাম্প্রতিক দিনগুলোয় উভয় পক্ষের নতুন নতুন অস্ত্র ব্যবহারের কারণে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে পুতিন কাজাখের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা কিয়েভসহ সামরিক, সামরিক-শিল্প বা সিদ্ধান্তগ্রহণ কেন্দ্রগুলোর ওপর ওরেশনিকের ব্যবহার বাতিল করিনি।’
কিয়েভের রাজধানীর এক এলাকার একাধিক সরকারি ভবনসম্বলিত একটি সরকারি এলাকা কঠোর নিরসপত্তা ও সুরক্ষিত হলেও গত সপ্তাহে সেখানেও আতঙ্ক বেড়েছে।
রাশিয়া গত সপ্তাহে ইউক্রেনে তার নতুন ওরেশনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রসঙ্গে পুতিন বৃহস্পতিবার জানান, একসাথে বেশ ক’টি অস্ত্র নিক্ষেপ একটি পারমাণবিক হামলার সমতুল্য।
আস্তানায় পুতিন বলেন, ওরেশনিক যে কোনো কিছুকে ‘ধুলায় পরিণত করতে পারে’ এবং ‘সূর্যপৃষ্ঠের’ মতো প্রচণ্ড উত্তাপ নিয়ে আঘাত করতে পারে।
তিনি বলেন, এটিএসিএমএস ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে কিয়েভের প্রথম হামলার পর রাশিয়াকে ‘যুদ্ধের পরিস্থিতিতে (অস্ত্র) পরীক্ষা করতে’ বাধ্য করা হয়েছে।
পুতিন বৃহস্পতিবার বলেন, ওরেশনিক ‘প্রতি সেকেন্ডে প্রায় তিন কিলোমিটার’ দূরত্ব অতিক্রম করতে পারে।
ক্রেমলিন প্রধান বলেন, রাতের হামলা ছিল ‘আমাদের ভূখণ্ডে (মার্কিন) এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দ্বারা অব্যাহত হামলার জবাব।’ তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, আমাদের পক্ষ থেকে সব সময় জবাব আসবে।’
মস্কো গত সপ্তাহে দিনিপ্রো শহরে তার নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পশ্চিম ও কিয়েভকে হতবাক করেছে। এদিকে রাশিয়ান কর্মকর্তারা অস্ত্রের শক্তির কথা বলেছেন।
পুতিন আরও দাবি করেন যে রাশিয়া জানে কিয়েভকে কতগুলো দূরপাল্লাার অস্ত্র দেওয়া হয়েছে এবং সেগুলো ঠিক কোথায় রয়েছে।




