ট্রাম্প প্রশাসনে প্রথম মুসলিম মেহমেদ ওজ

বরিশাল জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের বৃহৎ সংস্থা সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের জন্য সাবেক টেলিভিশন উপস্থাপক এবং চিকিৎসক মেহমেত ওজের নাম মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ট্রাম্প প্রশাসনে তিনিই প্রথম মুসলিম কর্মকর্তা হিসেবে মনোনয়ন পেলেন। খবর দ্য গার্ডিয়ানের।

মেহমেদ ওজ আন্তর্জাতিক অঙ্গনে চিকিৎসক হিসেবে সুপরিচিত। তিনি তুর্কি অভিবাসী বাবা-মায়ের ঘরে জন্ম নেয়া মার্কিন নাগরিক। ৬৪ বছর বয়সী ওজ একজন কার্ডিওথোরাসিক সার্জন হিসেবে প্রশিক্ষিত। হৃদযন্ত্র ও ফুসফুসের অপারেশনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নিউ ইয়র্ক সিটির প্রেসবিটারিয়ান হাসপাতাল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

আমেরিকানদের স্বাস্থ্য সুরক্ষায় ড. ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে স্বাস্থ্যসেবা খাতে নেতৃত্ব দেয়ার জন্য মেহমেত ওজকে বাছাইয়ের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। এতে বলা হয়, এই শতকের শুরুর দিকে দ্য অপরাহ উইনফ্রে নামের একটি টিভি শো’র মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন ওজ। এর আগে তিনি মেডিকেলে একজন সার্জন হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। পাশাপাশি টেলিভিশনে তিনি বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন।

ট্রাম্পের ট্রানজিশন টিম এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে কাজ করবেন ওজ। নিয়োগটি আগামী বছর সিনেটে অনুমোদন হলেই সংশ্লিষ্ট খাতে দায়িত্বপালন শুরু করবেন তিনি।

প্রতি বছর ১৫০ মিলিয়নের বেশি আমেরিকানকে স্বাস্থ্যসেবা প্রদান করে মেডিকেয়ার এন্ড মেডিকেইড। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা কর্মসূচির বৃহত্তম সংস্থা এটি। এছাড়া দেশটির সরকারি এই সংস্থা স্বাস্থ্য বীমাসহ চিকিৎসক, হাসপাতাল এবং ওষুধ কোম্পানিগুলোর খরচ বহনেও নজরদারি করে। এই সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকার ২০২৩ সালে সংশ্লিষ্ট খাতে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top