বরিশাল জার্নাল ডেস্ক
ভারতের আরো একটি অঞ্চলের মুসলিম ধাঁচের নাম বদলে ফেলা হলো। আসামের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার করিমগঞ্জ বিভাগের নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার আসামের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, কবি রবিন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানাতে এবং ‘এই বিভাগের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে’ করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, ১০০ বছরেরও বেশি সময় আগে কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর আসামের এই করিমগঞ্জকে শ্রীভূমি বা মা লক্ষীর ভূমি হিসেবে অভিহিত করেছিলেন। আসামের মন্ত্রিসভা এই স্থানের নাম পরিবর্তন করে জনগণের দীর্ঘদিনের দাবি আজ পূরণ করেছে।
আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিহাস, স্থানীয় সংস্কৃতি এবং গুরুত্বের বিষয়টি বিবেচনা করে তারা অন্যান্য জায়গার নামও পরিবর্তন করবেন।
ব্রিটিশ-ভারত শাসনামলে ১৮৭৮ সালে বর্তমান আসামের করিমগঞ্জ বিভাগটি বর্তমান বাংলাদেশের সিলেট বিভাগের একটি উপ-বিভাগ ছিল। ১৯৯৩ সালে করিমগঞ্জকে আসামের একটি পূর্ণ বিভাগ করা হয়। এখানে প্রায় ১২ লাখ মানুষ বাস করেন।
ভারতে মুসলিম বা ইসলামিক সংস্কৃতির যোগসূত্র আছে এমন নাম বদলের ঘটনা নতুন নয়। গত এক দশকে বেশ কিছু শহর ও অঞ্চলের নাম বদরে ফেলা হয়েছে। উত্তর প্রদেশের এলাহাবাদ, মধ্যপ্রদেশের আওরঙ্গবাদ, ওসমানাবাদসহ বেশ কিছু শহরের নাম বদলে ফেলা হয়েছে।
কয়েকশো বছর ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন থাকার কারণে মুসলিম সংস্কৃতির প্রভাব এই অঞ্চলে ব্যাপক। ভারতে অনেক জায়গা ও স্থাপনার নাম রয়েছে মুসলিম ধাঁচের; কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এগুলো পরিবর্তন করে হিন্দু ধাঁচের নাম রাখা হচ্ছে। যা ক্ষুব্ধ করছে মুসলিমদের।




