কাশ্মিরে ভারতীয় সেনা অফিসার নিহত

বরিশাল জার্নাল ডেস্ক

অধিকৃত কাশ্মিরে স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে লড়াইয়ে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা কর্মকর্তা। উপত্যকার কিস্তওয়ার এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন সেনা।

ভারতীয় সেনাবাহিনীর সিক্সটিন কর্পস এক্সে এক পোস্টে জানিয়েছে, কাশ্মিরে যৌথ অভিযানকালে জুনিয়র কমিশন্ড অফিসার নায়েব সুবেদার রাকেশ কুমারের মৃত্যু হয়েছে।

গত কিছুদিন ধরে আবারো কাশ্মিরে বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভারতীয় সেনারা। সম্প্রতি ভিলেজ ডিফেন্স গার্ডের দুই সদস্য নিহত হওয়ার পর এই অভিযান শুরু করা হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি জঙ্গলে তিন থেকে চারজন যোদ্ধার উপস্থিতি টের পেয়ে সেনারা অভিযান চালালে গোলাগুলি শুরু হয়। এতে এক ভারতীয় জুনিয়র কমিশন্ড অফিসারের মৃত্যু হয় এবং তিনজন প্যারা কমান্ডো আহত হন।

আশির দশক থেকে কাশ্মিরের স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে বেশ কিছু বিদ্রোহী গ্রুপ। ভারত সরকার এসব সংগঠনকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। কাশ্মিরে প্রায়ই ভারতীয় বাহিনীর সাথে এসব সংগঠনের লড়াইয়ের খবর পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top