ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে যে মিসাইল দিয়ে সেটির ছবি ও তথ্য প্রকাশ করেছে হিজবুল্লাহ। কাদের-১ নামের ওই মিসাইলটি একটি স্বল্পপাল্লার ব্যালেস্টিক মিসাইল।
লেবানন ভিত্তিক আল মায়েদিনের খবরে বলা হয়েছে, বুধবার সকালে হিজবুল্লাহ প্রথমবারের মতো ব্যালেস্টিক মিসাইল হামলা চালায়। হামলার টার্গেট ছিলো ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার। যদিও ইসরাইল দাবি করেছে, টার্গেটে আঘাত হানার আগেই মিসাইলটি তারা ভূপাতিত করেছে। তবে এই হামলা নিঃসন্দেহে হিজবুল্লাহর সামর্থের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বৃহস্পতিবার মিসাইলটির ছবি প্রকাশ করা হয়েছে।
হিজবুল্লাহ যে মিসাইলটির ছবি প্রকাশ করেছে সেই কাদের-১ একটি স্বল্পপাল্লার ট্যাকটিক্যাল সারফেস-টু-সারফেস ব্যালেস্টিক মিসাইল। মিসাইলটিতে ৫০০ কেজি ওজনের একটি ওয়্যারহেড রয়েছে।
গাজা যুদ্ধের শুরু থেকেই হিজবুল্লাহ তাদের একের পর এক নতুন মিসাইল প্রকাশ করছে। মনে করা হয়, তাদের কাছে এমন মিসাইল রয়েছে যেগুলো ইসরাইলের সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করতে পারে। কাদের-১ তেমনই একটি মিসাইল, যার কথা আগে কেউ জানতো না।
এদিকে, ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, তাদের যোদ্ধারা অধিকৃত ইসরাইলের ইলিয়াত শহরে হামলা চালায়। ইলিয়াত শহরটির ফিলিস্তিনি নাম ছিলে উম আল রাশরাশ। ইসরাইল দখল করার পর শহরটির ইলিয়াত নাম দেয়া হয়।
ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছেন, তাদের যোদ্ধার আত্মঘাতি ড্রোন পাঠিয়ে এই হামলা চালিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোন তথ্য দেয়নি তারা। সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি জনগনের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে এসব হামলা চালানো হয়।




