লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪৯২

বরিশাল জার্নাল ডেস্ক

লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৪৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭২৭ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য দিয়েছে। হিজবুল্লাহ সক্রিয় রয়েছে, এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে।

কয়েক দিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে এদিন আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।

ইসরাইলের দিক থেকে বেশিরভাগ হামলাই চালানো হয়েছে দক্ষিণ ও পূর্ব লেবাননের আবাসিক এলাকা লক্ষ্য করে। হামলায় নাবাতিয়েহ ও বেকা উপত্যকা অঞ্চলে বহু বাড়ি, গুদাম ও কারখানায় আগুন ধরে গেছে। লেবানিজ সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
বিমান হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। লোকজনকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর বৈরুতের রাস্তায় মানুষের ব্যাপক ঢল ও যানজট তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলায় আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শত শত মানুষের অবস্থা খুবই গুরুতর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুত ও এর আশপাশের এলাকার হাসপাতালগুলোতে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জরুরি ছাড়া অন্য সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রেখে আহতদের সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিবিসি বলছে, ইসরায়েলি হামলার পর রাজধানী বৈরুতের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় চলছেন। কিন্তু তাদের গন্তব্য কোথায় সেই বিষয়ে জানা কঠিন হয়ে পড়েছে।

সোমবার প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত বলেন, ‘আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাঁদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচেই আদরেই বলেছেন, হিজবুল্লাহর তিন শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। এসব বাসাবাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল হিজবুল্লাহ।

ইসরায়েলের এ হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top