জিব্রান কাদির, উজিরপুর (বরিশাল)
বরিশালের উজিরপুরের জল্লায় এলাকায় নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামের এক যুবকের লাশ মাছের ঘেরের পানি মধ্যে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। নিহত মহসিন মল্লিক বাবু উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিতালুক গ্রামের মো. নয়ন মল্লিকের ছেলে। সে পেশায় একজন ইলেক্ট্রিক মিস্ত্রি।
২৪ নভেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার সন্ধান পাননি।
নিহতের মামা মোঃ শাহিন মল্লিক বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরের পানিতে বাবুর লাশ ভাসতে দেখতে পেলে স্থানীরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
উজিরপুর মডেল থানার (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।




