বিএম কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ রোধে সতর্কতা, নজরদারিতে ভিজিল্যান্স টিম

জাহাঙ্গীর আলম হৃদয়

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ রোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ভিজিল্যান্স টিম ও শিক্ষকদের সতর্ক দৃষ্টি রাখার পাশাপাশি ক্যাম্পাসে অপ্রয়োজনে অবস্থানরত বহিরাগতদের পরিচয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাস চলাকালীন সময়ে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে অবাধে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এতে কলেজের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে ভিজিল্যান্স টিম ও শিক্ষক-কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ক্যাম্পাসে কোনো বহিরাগত শিক্ষার্থীকে অপ্রয়োজনে অবস্থান করতে দেখা গেলে তার প্রয়োজনীয় পরিচয় যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করতে হবে।

একই সঙ্গে কলেজের শিক্ষার্থীদের প্রতিও বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে, ক্যাম্পাসে কোনো বহিরাগতকে অপ্রয়োজনে অবস্থান করতে দেখলে বিষয়টি এড়িয়ে না গিয়ে দায়িত্বশীল শিক্ষক কিংবা ভিজিল্যান্স টিমকে অবিলম্বে অবহিত করতে হবে। ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সচেতনতা, সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত বিচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে ক্যাম্পাসে সুশৃঙ্খল, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top