শ্রমিকদের চিকিৎসায় শিল্পাঞ্চলে হচ্ছে ৬ হাসপাতাল, সংসদে প্রধানমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

দেশের শ্রমজীবী মানুষের চিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শ্রমজীবী মানুষের সুচিকিৎসার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ৬টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধুমাত্র শ্রমিকদের চিকিৎসা সেবা দেওয়া হবে।’

 

বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের স্বাস্থ্যখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, স্বৈরাচারের সময় সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়। এমনভাবে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে যে, বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।’

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলছিলেন, ‘সরকার দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে।’

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top