নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। তাদের একজন হিন্দু ধর্মাবলম্বী, অন্যজন মুসলিম। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূ সন্তান জন্ম দেন। সন্তান জন্মের সময় তার পাশে ছিলেন সুভাষ নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে রবিবার সকালে হঠাৎ হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনি নবজাতককে নিজের সন্তান এবং শান্তাকে স্ত্রী বলে দাবি করেন।

এমদাদের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে আসেন। এ সময় নিজের বিয়ে ও দাম্পত্য জীবনের পক্ষে বিভিন্ন প্রমাণও উপস্থিত ব্যক্তিদের দেখান এমদাদ।

এদিকে, এমদাদ হাসপাতালে হাজির হওয়ার পর সেখান থেকে সরে যান সুভাষ। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

অন্যদিকে, শান্তা দাবি করেন, এমদাদের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি। নবজাতকের বাবাও এমদাদ নন। তবে এমদাদের দেখানো বিয়ের কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

জানা গেছে, এমদাদকে বিয়ে করার পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এর মধ্যে ২০২৪ সালে নিজের আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। পরে তাদের বিয়েও হয়।

তবে সুভাষকে জানানো হয়েছিল, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। সেই বিশ্বাসে সুভাষের সঙ্গে সংসার করলেও শান্তা ঢাকায় গিয়ে এমদাদের সঙ্গে প্রথম সংসার করতেন বলে জানা গেছে। আবার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে গিয়ে সুভাষের সঙ্গে সংসার করতেন তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে নবজাতকের প্রকৃত পিতৃত্ব এবং দুই ব্যক্তির দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top