ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘অমানুষদের জায়গা’ বললেন এমপি ফজলুর, ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

বরিশাল জার্নাল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর শিক্ষার্থীদের নিয়ে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

তিনি, ফজলুর রহমানকে তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তাকে সংসদ সদস্য করায় এর দায় বিএনপিও এড়াতে পারে না বলে মন্তব্য করেন। শুক্রবার (৩০ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সাদিক কায়েম এসব কথা জানান।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বাকশাল নেতা এবং বর্তমান বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সাদিক কায়েম বলেন, দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘অমানুষদের জায়গা’ হিসেবে আখ্যায়িত করা চরম দায়িত্বজ্ঞানহীন, বিদ্বেষপূর্ণ ও নিন্দনীয়। ফজলুর রহমান বাকশাল ত্যাগ করলেও বাকশালি আদর্শ ও ঘৃণার চর্চা থেকে বের হতে পারেননি।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য মো. ফজলুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত না। এটাতো মাদ্রাসা একটা, সিনিয়র মাদ্রাসা। অমানুষদের একটা জায়গা হয়েছে এটা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার?’

বিশ্ববিদ্যালয়টির বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে প্রতিষ্ঠান একসময় বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেখানে এখন স্বাধীনতাবিরোধীদের ছবি টাঙিয়ে তাদের জাতির নেতা হিসেবে তুলে ধরা হচ্ছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কি শিক্ষাপ্রতিষ্ঠান? ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে পাকিস্তান। আজকে যাই হোক সেই দিনের আন্দোলনের কথাই আমি বলছি।

তিনি বলেন, ‘যে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে শিক্ষায় মুক্তি, সেই ১৯২৭ সন, ১৯২৮ সন, ১৯২৯ সন, ১৯৩০ সন, আব্দুল ওহাব, আবুল হোসেনসহ সমস্ত কবি-সাহিত্যিক যারা ছিল। তাদের জন্ম দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে সেই মুজাফর আহমদ চৌধুরীদের মতো লোক। নীলিমা ইব্রাহিমদের মতো লোক, ড. নাজমা চৌধুরীর মতো লোক। যত আছে সেই আহমদ শরীফদের মতো লোক হুমায়ন আজাদদের মতো লোক, হুমায়ন আহমদদের মতো লোক।’

স্বাধীনতাবিরোধীদের নিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসারি করার? যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম, নিজামীর ছবি টাঙানো হয়, এরাই নাকি জাতির নেতা। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো চিন্তাই করি না আমি।’

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top