ঠাকুরগাঁও- ১ উপনির্বাচন : অনিয়মের অভিযোগ জামায়াতের, সন্তুষ্ট ইসি

বরিশাল জার্নাল ডেস্ক

ঠাকুরগাঁও উপনির্বাচনে দলীয় প্রশাসনকে ব্যবহার করে সরকার ফলাফল নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্য দিকে ভোটগ্রহণ ‘সুন্দরভাবে’ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলনে  জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার বলেন, ‘ঠাকুরগাও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। যা খুবই দু:খজনক।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ভোটারদের হুমকি ধামকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিয়েছে।’
নির্বাচন কমিশনকে নানা অনিয়মের কথা জানালেও কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি দলীয় লোকদের আইডি কার্ড ছাড়াই পোলিং ও প্রিসাইডিং অফিসার বানিয়ে নির্বাচনের ফলাফল অনুকূলে আনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
এদিকে, ভোটগ্রহণ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘বিকাল ৪টা পর্যন্ত সব কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। গণনা শেষে পুরোটা বলতে পারব।’ তিনি এ সময় বলেন, ‘আমরা একটি সুন্দর ভোট সম্পন্ন করেছি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

সচিব এ সময় আরও বলেন, ‘প্রিজাইডিং অফিসারের কার্ডে ছবি নেই এটি জানার পরই আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি। তিনি পরিচয় নিশ্চিত করেছেন।’
আখতার আহমেদ বলেন, ‘কম বয়সী যারা ভোটকেন্দ্রে গেছিলেন তারা ভোটার না। কৌতুহল হতে পারে, দলীয় পরিচয় থাকতে পারে, তবে আমরা সেটি সাথে সাথে সলভ করেছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top