কাওসার হত্যা মামলা: উজিরপুরে বিএনপি নেতা কাঞ্চন মোল্লা আজীবনের জন্য বহিষ্কার

​জিব্রান কাদির, উজিরপুর

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় চাঞ্চল্যকর কাওসার হাওলাদার হত্যা মামলার অন্যতম অভিযুক্ত এবং ১নং সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাঞ্চন মোল্লাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রবিবার (​২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উজিরপুর উপজেলা শাখার এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

​উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহ-সভাপতি এস.এম. আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ূন খান স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. কাঞ্চন মোল্লা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ড এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছেন। এর ফলে দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় তাকে ১নং সাতলা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ দলীয় সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর (শুক্রবার) রাত ১০টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে মো: কাওসার হাওলাদার এবং মোঃ রাশেদ আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। জীবন বাঁচাতে তারা পাশের একটি ঘরে আশ্রয় নিলে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top