ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম আলাদা হতে পারে, তবে রাষ্ট্র সবার। দেশে সবার অধিকার ও কর্তব্য সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতারা প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন।

তারেক রহমান বলেন, আমাদের প্রথম পরিচয়, আমরা বাংলাদেশি। এই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করবে এই সরকার।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানেও একই চিত্র দেখা গেছে। তাই দেশে সবার অধিকার ও কর্তব্য সমান।

সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্মের ভেদাভেদ ভুলে দেশের পরিবর্তনে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনও বৈষম্য হবে না। বিএনপি তা বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। ধর্মীয় উপাসনালয়গুলো স্বাধীন থাকবে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে।

তিনি আরও বলেন, ইতিহাসে এবার সবচেয়ে বেশি পূজামণ্ডপ হয়েছে। নিরাপত্তা ও আনন্দের দিক থেকেও এবারের আয়োজন উল্লেখযোগ্য।

এ সময় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলা ট্রিবিউন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top