১৬০০ কোটি টাকা ব্যয়ে রহমতপুর–হিজলা সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, গত ১৭ বছরে এ অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। অবহেলিত এলাকার উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বাবুগঞ্জ ও আগরপুর নদীর ওপর দুটি আধুনিক সেতু নির্মাণ করা হবে। এতে ঢাকার সঙ্গে বাবুগঞ্জের যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও টেকসই হবে।

শনিবার (১৭ অক্টোবর) বরিশালের বাবুগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের বাস্তবায়নে ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের (জেড-৮০৩০) বিভিন্ন অংশে উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকল্পের আওতায় ডিবিএস ওয়ারিং কোর্সের মাধ্যমে সড়কের সারফেসিং, রিটেইনিং ওয়াল ও স্লোপ প্রটেকশনের কাজ করা হবে।

সড়ক নির্মাণের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে জয়নুল আবেদীন বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, সড়ক নির্মাণের তিন বছরের মধ্যে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ খরচে তা মেরামত করতে হবে। তিন বছর পূর্ণ হওয়ার আগে ঠিকাদারের জামানতের টাকা ফেরত দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা আরিফুর রহমান শিমুল শিকদার, শামসুল আলম ফকির, আব্দুল করিম হাওলাদার ও আলমগীর হোসেন স্বপন।

এ ছাড়া দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top