জাহাঙ্গীর আলম হৃদয়, দুমকি
পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মীর শহীদুল হাসানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সম্প্রতি দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ডা. মীর শহীদুল হাসানকে বহাল রাখা হলে হাড়ভাঙা ও অন্যান্য অস্থিসংক্রান্ত সমস্যায় আক্রান্ত সাধারণ ও দরিদ্র রোগীরা স্থানীয়ভাবে বিশেষজ্ঞ চিকিৎসা পাবেন। এতে তাঁদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজী ফাবিয়া জাহান ও মেডিকেল টেকনোলজিস্ট মো. রুহুল আমিন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে ডা. মীর শহীদুল হাসানকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তিনি দুমকিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অর্থোপেডিক চিকিৎসা দিচ্ছেন এবং তাঁর উচ্চতর এমএস ডিগ্রি রয়েছে।
বক্তারা আশঙ্কা করেন, তাঁকে বদলি করা হলে দুমকিতে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সীমিত হয়ে পড়বে এবং রোগীদের দূরের হাসপাতালে যেতে হবে। তাঁরা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বদলির আদেশ পুনর্বিবেচনা করে তাঁকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার দাবি জানান।




