উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাঠী-তালবাড়ি এলাকার বাসিন্দা জান্নাত। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি জান্নাতের বাড়িতে পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় পরিবারের সদস্য ও স্বজনরা তাঁর সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
জান্নাত স্থানীয় সিরাজুল ইসলাম ফারুকের বড় মেয়ে। সহকারী জজ হিসেবে তাঁর সুপারিশপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর কেশবকাঠী, তালবাড়ি ও উজিরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, জান্নাতের এ অর্জন শুধু তাঁদের পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যও গর্বের বিষয়। তাঁর মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এ সাফল্য এসেছে।
তাঁরা আরও বলেন, ভবিষ্যৎ কর্মজীবনে জান্নাত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এটাই তাঁদের প্রত্যাশা।




