এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় প্রায় সারা বছরই মাঠে থাকতে হয় ক্রিকেটারদের। কিন্তু দেশের জন্য একটি পদক জয়ের স্বপ্ন পূরণের সুযোগ সব সময় আসে না। তাই এশিয়ান গেমসকে অন্য সব টুর্নামেন্টের চেয়ে আলাদা করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জাপানে শুরু হতে যাওয়া এই আসরে শুধু অংশগ্রহণ নয়, সোনা জয়ের লক্ষ্য তার।

বুধবার দলের জাপান যাত্রার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন, ‘প্রত্যাশা সবসময়ই থাকবে। ফ্র্যাঞ্চাইজি লিগ ও দ্বিপক্ষীয় সিরিজ নিয়মিতই হয়। কিন্তু এশিয়ান গেমস এমন একটি সুযোগ, যা খুব বেশি আসে না। এই স্বপ্ন পূরণ করতে সব খেলোয়াড়ই ভীষণ রোমাঞ্চিত।’

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। তবে তখন টেস্ট খেলুড়ে বড় দলগুলো তাদের শক্তিশালী স্কোয়াড পাঠায়নি। এবার পরিস্থিতি ভিন্ন। ভারত ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দল শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। ফলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জও কঠিন।

তবে প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান লিটন। তার কথা, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে ওঠা এবং সোনার পদক জেতা।’

পুরুষ ক্রিকেটের এশিয়ান গেমসের লড়াই শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে ২৯ সেপ্টেম্বর। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে।

এশিয়ান গেমসের এই অভিযানকে আরও বড় একটি স্বপ্নের সঙ্গেও যুক্ত করছেন লিটন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেখানে মাত্র ছয়টি দল অংশ নেওয়ার সুযোগ পাবে। ফলে অলিম্পিকে জায়গা করে নেওয়ার লড়াই হবে অত্যন্ত কঠিন।

এ নিয়ে বলেছেন, ‘অলিম্পিকে কে খেলতে চাইবে না?। তবে এই মুহূর্তে আমাদের মনোযোগ এশিয়ান গেমসে ভালো করার দিকে। ম্যাচ ধরে ধরে এগিয়ে ফাইনালে পৌঁছাতে চাই।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top