নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির বিদায়ে আর্জেন্টিনার সামনে নতুন অধ্যায়। মাঠের সবচেয়ে পরিচিত মুখটির অনুপস্থিতিতে এবার নতুন নেতৃত্বেও অভ্যস্ত হতে হবে দলকে। সেই দায়িত্ব পাচ্ছেন রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির উত্তরসূরি হিসেবে আতলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডারকেই বেছে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

মেসির পাশাপাশি জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। নেতৃত্বের ক্রমে এই দুজনের পরেই ছিলেন রোমেরো। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগেই তাকে তৃতীয় অধিনায়ক করা হয়েছিল। প্রথম দুজন সরে দাঁড়ানোয় এবার মূল দায়িত্ব উঠছে ২৮ বছর বয়সী এই ফুটবলারের হাতে।

আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে রোমেরোর। জাতীয় দলের হয়ে খেলা ৫৮ ম্যাচের তিনটিতে অধিনায়কের বাহুবন্ধন পরেছেন তিনি। প্রথমবার গত বছর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে এবং গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও দলকে নেতৃত্ব দেন।

ইনফোবের প্রতিবেদনেও রোমেরোর অধিনায়ক হওয়ার তথ্য এসেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাঠের পারফরম্যান্সের সঙ্গে ড্রেসিংরুমে তার নেতৃত্বগুণও স্কালোনির সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জিতেছেন রোমেরো। এবার তার সামনে মেসি-পরবর্তী দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ। সহ-অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন নিকোলাস তাগলিয়াফিকো ও এমিলিয়ানো মার্তিনেজ, তবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইনফোবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top