শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর রাজিহার ইউনিয়নের বড় বাশাইল এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। বিপ্লব গোপালগঞ্জের কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বাসিন্দা।
পৃথক একটি অভিযানে পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড় থেকে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেন (২৩)-কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এছাড়া উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড় এলাকা থেকে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০)-কে ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




