নাহিদ রানাকে পেতে বিগ ব্যাশ দলগুলোর লাইন

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি নাহিদ রানা। তাই এই পেসারকে সামনে থেকে দেখা হয়নি বিগ ব্যাশ টিম ম্যানেজমেন্টদের। তবুও আগেই যা দেখার দেখে নেওয়া হয়েছিল। তাই বিগ ব্যাশের নতুন মৌসুম শুরুর আগে নাহিদ রানাকে পেতে লাইন লেগেছে দলগুলোর।

নাহিদ রানাকে পেতে আগ্রহ দেখিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডস। তবে বিসিবি নাহিদকে এখনই কোনো এনওসি দিতে আগ্রহী না। বিগ ব্যাশ লিগ হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে বাংলাদেশের। এজন্য তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ বিসিবি।

ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুটি এবং ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি টেস্ট আছে বাংলাদেশের। এই চার টেস্টেই পেস বোলিং বিভাগের মূল অস্ত্র হবেন নাহিদ রানা। এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আরও সতর্ক হতে চায় বিসিবি।

এর আগে জিম্বাবুয়েতে গুরুত্বহীন টি-টোয়েন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ। যে কারণে অস্ট্রেলিয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলা হয়নি তার। ওই ইনজুরি থেকে সদ্য সেরে ওঠা এই পেসারকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি।

বিগ ব্যাশ লিগে এখন পর্যন্ত দুজন বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন। মেলবোর্ন রেনেগেডসে সাকিব আল হাসান এবং হোবার্ট হারিকেনসে রিশাদ হোসেন। নাহিদ রানা এর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top