প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের যুবক আটক

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগদানের সময় তাঁর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রবেশের অভিযোগে মুবিন মাঝি নামে এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার বাসিন্দা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগদানের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মুবিন মাঝি মোটরসাইকেল নিয়ে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। একপর্যায়ে তিনি গাড়ির পাশে গিয়ে সালাম দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।

মুবিন মাঝি দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন। পরে ঢাকায় ফিরে সাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করতেন। বর্তমানে স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন।

এ ঘটনায় মুবিন মাঝিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে কী উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top