মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। তিনি বরিশালের বাবুগঞ্জের সন্তান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রস্তাবটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। পরে সেলিমা রহমানকে ওই কমিটির সভাপতি করা হয়।

সেলিমা রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পান সেলিমা রহমান। জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নেত্রী এবার সংসদের গুরুত্বপূর্ণ একটি স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন।

বরিশালের বাবুগঞ্জের সন্তান হিসেবে সেলিমা রহমানের এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সংসদীয় কার্যক্রমের মাধ্যমে মহিলা ও শিশুদের কল্যাণে সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top