আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার ২০১১ সালে সিরিয়ান গৃহযুদ্ধের সময় দারা প্রদেশে সংঘটিত অপরাধের মামলায় তাঁকে পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন দামেস্কের ফৌজদারি আদালত।
একই অভিযোগের পাশাপাশি নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে আতেফ নাজিবকে। আদালত ওই সময়ের সরকারি বাহিনীর কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।
বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ফলে তাঁর অনুপস্থিতিতেই এই বিচার অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে দারা প্রদেশে বাশারের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান আতেফ নাজিব বিচার চলাকালে আদালতে উপস্থিত ছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করে সিরিয়ার বাহিনী।
২০১১ সালে দারায় বাশার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনের মধ্য দিয়েই সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সূচনা হয়। ওই সময় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন, হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটকের ঘটনায় নাজিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
বাশার আল-আসাদের বিরুদ্ধে এটি সিরিয়ার নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিচারিক পদক্ষেপ। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের দীর্ঘ শাসনের অবসানের পর সরকারের পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।




