আওয়ামী লীগ নেতার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে লুটপাট-অগ্নিসংযোগ

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এ ঘটনা ঘটে। লাভলু কাজী মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর লাভলু কাজী এলাকা থেকে চলে যান। ঘরে তারা স্ত্রী ও বৃদ্ধ মা থাকতেন। ওইদিন চিকিৎসার জন্য তারা ঢাকাতে ছিলেন। এই সুযোগে গভীর রাতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ঘরটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুট করে ঘরে আগুন দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

লাভলু কাজীর স্ত্রী শিল্পী বেগম বলেন, ‘আমি চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলাম। সেখান থেকে শুনতে পাই, ২০০ লোক গভীর রাতে আমাদের ঘরের সামনে মাটি কাটার ভেকু নিয়ে অবস্থান করছে। পরে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘরটি ভাঙচুর করে। ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়।’

তিনি আরও বলেন, এ ঘটনা শুনে আমরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ি ফিরে দেখি কিছুই নাই আর। স্থানীয় কাঠালতলী পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান লাভলুকে একাধিকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গভীর রাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top