৩৪ রানের জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ।টাইগারদের দেওয়া ১৮৭ রান তাড়া করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

শুক্রবার (১৭ জুলাই) সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা কিছুটা ধীরগতির হলেও দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান ১২০ রানের দারুণ জুটি গড়েন।

পাঁচবার জীবন পাওয়া সাইফ হাসান অর্ধশতক পূর্ণ করার পর সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ফিরে যান। তানজিদ হাসান ৪৪ বলে ৫৮ রান করে আউট হন এবং তাওহিদ হৃদয়ও দ্রুত সাজঘরে ফেরেন। এক পর্যায়ে মাত্র ১৩ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বড় ধসের মুখে পড়েছিল দল।

তবে শেষ দিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১৯ বলে অপরাজিত ৪৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইয়াসির ১২ বলে ২২ রান করেন এবং সাইফউদ্দিন শেষ ওভারে ব্রাড ইভান্সের প্রথম চার বলে চার ছক্কা মেরে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন।

১৮৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারে ওপেনার মারুমানিকে আউট করে বোলিংয়ের শুভ সূচনা করেন স্পিনার মেহেদী হাসান। পরের ওভারে পেসার নাহিদ রানা ব্রায়ান বেনেটকে বোল্ড করেন এবং তৃতীয় ওভারে মাইয়ার্সও মেহেদী হাসানের শিকার হন।

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও রিশাদ হোসেনের স্পিনে তা ব্যর্থ হয়। জিম্বাবুয়ের হয়ে রায়ান বার্ল ১৯ বলে ২৯ এবং ইভান্স ১৪ বলে ২৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। রিশাদ হোসেন একাই ৪ উইকেট শিকার করে জিম্বাবুয়ের মিডল ও লোয়ার অর্ডার ধসিয়ে দেন।

রোববার সিরিজের শেষ ও চূড়ান্ত ম্যাচ হবে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৮৬/৫ (২০ ওভার); তানজিদ ৫৮, সাইফ ৫৫, সাইফউদ্দিন ৩১*; এনগারাভা ২/২৩, ইভান্স ২/৬৫, সিকান্দার রাজা ১/২০

জিম্বাবুয়ে: ১৫২/১০ (১৯.৪ ওভার); বার্ল ২৯, সিকান্দার রাজা ২৮, ইভান্স ২৫; রিশাদ ৪/২৬, শেখ মেহেদী ৩/২৪, সাইফ ১/৪

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ সাইফউদ্দিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top