আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার বিকেলে আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার গৈলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরত্মে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

এ নিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও কিছুদিন পরেই মুক্তি পেয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন রাকিব সরদার, আজিজুল সিকদার, সুমন বেপারী, রাফসান, নিরব হোসেন, জিহাদ বেপারী, তাজকির আহমেদ, মারুফ কাজী, আসাদুল মোল্লা, রিয়াজ হোসেন প্রমুখ।

পরে মানববন্ধন শেষে উপজেলা হাসপাতালের সামনে থেকে মাদক বিরোধী মিছিল নিয়ে নীমতলা বাসস্ট্যান্ড হয়ে আবার হাসপাতালের সামনে এসে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top