বরিশাল জার্নাল ডেস্ক
সারা দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদ চত্বরে একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম দিনের কার্যক্রমে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার জানতে চান, সংসদ সদস্যদের দাপ্তরিক যোগাযোগের সুবিধার্থে উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথক কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য উপজেলা পরিষদ চত্বরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে।
তিনি আরও জানান, এসব কক্ষ সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দাপ্তরিক কাজে ব্যবহারের সুযোগ দেবে।
গত ৩১ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনি এলাকায় সংসদ সদস্যদের জন্য বসার জায়গা নিশ্চিত করার দাবি তুলেছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।
এর ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, নির্বাচনি এলাকায় সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদে বসার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার। পরে একই দিনে সংসদ সদস্যদের জন্য ট্যাক্সমুক্ত গাড়ির পরিবর্তে উপজেলা পর্যায়ে অফিস স্থাপনের দাবি জানিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।




