ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না : জামায়াত আমির

বরিশাল জার্নাল ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্য মূল নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াত আমির সরকারের উদ্দেশে বলেন, আপনারা যদি ভালো করেন আমরা প্রশংসা করব। কিন্তু ভুল করলে বা খারাপ করলে অবশ্যই সমালোচনা করব। আপনাদের সময় খুবই সীমিত। এই সীমিত সময়ে যদি পরিবর্তন হয়ে যান তাহলে আপনাদের অভিনন্দন জানাব। আর না হলে আপনাদের বিদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এই চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

তিনি বলেন, ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়। তারা নিজেদের অনেক কিছু দিতে পারলেও জনগণকে কিছু দিতে পারবে না। গত তিন মাসে তার প্রমাণিত হয়েছে। আগে শোনা যেতো সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। এখন শোনা যাচ্ছে সবাই খারাপ শুধু প্রধানমন্ত্রী ভালো। মূলত ফ্যাসিস্ট আমলের দেখিয়ে দেওয়া পথেই এই সরকার হাঁটছে। তারা জনগণের ভাগ্য উন্নয়ন করতে পারবে না।

কক্সবাজারে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, তিনি বলেছেন, মদ, সিগারেটের দাম বাড়ায় বিরোধী দল বাজেটকে স্বাগত না জানিয়ে সমালোচনা করছে। মূলত মদের দাম বাড়ায় নয়, তেল, গ্যাস ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করছি। প্রয়োজনে রাজপথেও নামব। তিনি যা বলেছেন, তা সম্পূর্ণ ভুয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top