তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা ড. মাসুদ

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিজের এক মাসের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন-ভাতা তাদের সহায়তায় প্রদান করেছেন এবং তাদের বসতঘর পুনর্নির্মাণ ও নিয়মিত খাদ্যের ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি জানান, বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের মানবেতর জীবনযাপনের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর তিনি বিষয়টি আমলে নেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে নিজের এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ তাদের সহায়তায় প্রদান করেন।

ড. মাসুদ বলেন, সাংবাদিকদের প্রতিবেদন ও ভিডিওচিত্রের মাধ্যমে বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি পরিবারটির জন্য স্থায়ী সহায়তার ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা। তবে স্বাধীনতার দীর্ঘ সময় পরও অনেক মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত। এ সময় তিনি সংবিধান সংস্কারসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

ড. মাসুদ দাবি করেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও গোষ্ঠীভেদে বৈষম্য করে না এবং সকল নাগরিকের সমঅধিকারে বিশ্বাস করে।

তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা ইসলামের শিক্ষা এবং জামায়াতের সামাজিক কার্যক্রমও সেই নীতির ভিত্তিতেই পরিচালিত হয়।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top