পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপায় ২ জনের মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন প্রাণে রক্ষা পান।

রবিবার (৩১ মে) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। 

নিহতরা হলেন, দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের নুরুজ্জামান কালুর ছেলে সাগর হাওলাদার (৪০) এবং নূর মোহাম্মদ বেপারীর ছেলে আবদুর রশিদ বেপারী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৪ জন ব্যক্তি একটি স্থানে মাটির নিচে কিছু খোঁজার উদ্দেশ্যে গর্ত খনন করছিলেন। এক পর্যায়ে গর্তের দেয়াল ধসে পড়লে ৪ জনই মাটিচাপা পড়েন।

স্থানীয়দের সহায়তায় ২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সাগর হাওলাদার ও আবদুর রশিদ বেপারী ঘটনাস্থলেই মারা যান। 

এ বিষয়ে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাটির গর্ত খননের সময় ধসে পড়ে ৪ জন মাটিচাপা পড়েন। এর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও ২ জন মারা যান। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top