বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি জানান, এমআরআই স্ক্যানে নেইমারের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। এতে তাকে আরো দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

লাসমার বলেন, নেইমার গতকাল গ্রানজা কোমারিতে দলের সঙ্গে যোগ দেয়।

এরপর তার সব ধরনের মেডিক্যাল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে শুধু ফোলা নয়, বরং গ্রেড-টু ক্যাফ ইনজুরি ধরা পড়েছে। তাকে সুস্থ হতে আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। 

তবে এই ইনজুরির কারণে নেইমারকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

 

এর আগে মঙ্গলবার জাতীয় দলে যোগ দিলেও বুধবারের প্রথম অনুশীলনে অংশ নেননি নেইমার। ডান পায়ের কাফে ফোলাভাবের অভিযোগ করায় তাকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে স্ক্যানের জন্য পাঠানো হয়।

ব্রাজিল দল ঘোষণার আগে নেইমারের ক্লাব সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব জানিয়েছিলেন, তার সমস্যাটি কেবল সামান্য ফোলাভাব এবং তিনি অনুশীলনে যোগ দেওয়ার মতো ফিট আছেন।

কিন্তু জাতীয় দলের মেডিক্যাল পরীক্ষায় ভিন্ন চিত্র সামনে আসে।

এই ইনজুরির কারণে রবিবার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

এ ছাড়া ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষের ম্যাচেও তার খেলা হচ্ছে না। 

সবশেষ পরিস্থিতিতে আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। একই গ্রুপে আছে হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই রবিবারের ম্যাচে পাচ্ছেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিওস এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএসজির হয়ে ব্যস্ত থাকায় তারা আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন।

গত সপ্তাহে নেইমারের দলে ফেরা ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল। কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর পুরো এক বছর তার পরিকল্পনায় ছিলেন না ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।

১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার গত কয়েক বছর ধরেই চোটের সমস্যায় ভুগছেন। ক্লাব সান্তোসে ফেরার পরও প্রত্যাশামতো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছিলেন, নেইমারকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। জাতীয় দলে তার জায়গা নির্ধারণ হবে শুধুই ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতে। ফলে আপাতত নেইমারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্রাজিলকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top