বরিশাল জার্নাল ডেস্ক
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামে একটি পুকুর থেকে আমিনুল ইসলাম বাবু তালুকদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৪ মে) দুপুর দেড়টার দিকে স্থানীয়রা রায় বাড়ির সামনের একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত আমিনুল ইসলাম বাবু তালুকদার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, লাশের শরীরে একাধিক কাটা-ছেঁড়ার দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শীর্ষ নিউজ




