মোঃ জিহাদ, মনপুরা প্রতিনিধি
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ভোলার মাটিতে আয়োজিত হলো বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (১৬ মে) বরিশাল ও সুদূর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমাজসেবামূলক সংগঠনগুলোর উপস্থিতিতে এই আয়োজন তরুণদের এক মিলনমেলায় পরিণত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল ‘উদ্যম ফাউন্ডেশন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।
প্রধান অতিথি তার বক্তব্যে তরুণদের সমাজসেবায় নিজেদের নিয়োজিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করেন।

আয়োজনের একটি অন্যতম মুহূর্ত ছিল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সংবর্ধনা প্রদান। আর্তমানবতার সেবায় ‘উদ্যম ফাউন্ডেশন’ -এর নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ এই সংগঠনের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা স্মারক।
সংগঠনটির নেতারা বলেন, অতিথিবৃন্দের দিকনির্দেশনা এবং এই বিশেষ সম্মাননা আমাদের সামাজিক দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল, যা আগামীর পথ চলায় নতুন অনুপ্রেরণা জোগাবে।
এত বড় পরিসরে একটি চমৎকার আয়োজনের মাধ্যমে সমাজ সেবা সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।




